শনিবার , 30 আগস্ট 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

মতিঝিলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ২

প্রতিবেদক
দৈনিক টার্গেট
আগস্ট 30, 2025 11:48 অপরাহ্ন

রাজধানীর মতিঝিল এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক কালবেলা ও ডিবিসি নিউজের দুই সাংবাদিক আহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট, ২০২৫) রাত ৮টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনের ব্যাটারি গলির মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হামলায় আহত সাংবাদিকরা হলেন: ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক (৩০) এবং দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার এ জেড ভূঁইয়া আনাস (২৯)। আহতদের উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের বিবরণ অনুযায়ী, শুক্রবার রাতে তারা দু’জন বাংলাদেশ ব্যাংকের পেছনের ৫৬ নম্বর দক্ষিণ কমলাপুরস্থ ফুটপাতে একটি কাঠের টুলে বসে ছিলেন। এসময় মামুন আহমেদ (৪১), আলী হোসেন (৪৫) এবং শাহীন আহমেদ (৩৪) নামের তিনজন ব্যক্তি এসে তাদের সেখান থেকে উঠে যেতে বলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা সাংবাদিকদের উপর হামলা চালায়।

হামলাকারীরা রেদওয়ানুল হক এবং এ জেড ভূঁইয়া আনাসকে কিল-ঘুষি মারে। আহত সাংবাদিকরা জানান, হামলার সময় হামলাকারীদের সংখ্যা ৮ থেকে ৯ জন ছিল।

ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মুগদা জেনারেল হাসপাতালে আহত সাংবাদিকদের সাথে কথা বলে পুলিশ। পুলিশ জানায়, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এই হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন এ হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই হামলার ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আহত দুই সাংবাদিক এখন মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সর্বশেষ - বিনোদন