দেশে এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) এবং অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত আগামীকাল প্রকাশ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই এপ্রিল মাসের জন্য নির্ধারিত নতুন দাম জনসমক্ষে তুলে ধরা হবে।
প্রতিমাসের মতো এবারও আন্তর্জাতিক বাজারের দামের ওপর ভিত্তি করেই এলপিজির মূল্য নির্ধারণ করা হচ্ছে। বিশেষ করে সৌদি আরামকোর ঘোষিত কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে এ সমন্বয় করা হবে, যা এলপিজির মূল কাঁচামালের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, গত মার্চ মাসে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করে তা অপরিবর্তিত রাখা হয়েছিল। অন্যদিকে অটোগ্যাসের মূল্য সামান্য কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
এপ্রিল মাসে নতুন মূল্য কতটা বাড়বে বা কমবে, তা জানার জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে আগামীকালের ঘোষণার দিকে।
দৈনিক টার্গেট 























