হজ নিবন্ধনে আজও ব্যাংক খোলা
চলতি বছরের হজ নিবন্ধন কার্যক্রম নির্বিঘ্ন করতে আজ শনিবারও দেশের বিভিন্ন ব্যাংকের নির্ধারিত শাখা ও উপশাখাগুলো খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনায় হজ সংক্রান্ত অর্থ জমা নেওয়ার সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়, হজ নিবন্ধনের টাকা জমা দিতে আসা গ্রাহকরা যতক্ষণ ব্যাংকে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের কার্যক্রম চলমান থাকবে। অর্থাৎ নির্ধারিত সময়ের বাইরে প্রয়োজন হলে শাখাগুলোকে খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে গৃহীত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেন গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।
এ উদ্যোগের ফলে আজ হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহীরা দেশের বিভিন্ন স্থানে খোলা থাকা ব্যাংক শাখাগুলোয় সহজে জমা দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
