কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাটা এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এক পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা রেফাজুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি একই এলাকার জামাত আলীর ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেফাজুল ইসলাম তার এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন কয়েকজন বন্দুকধারী তার চারপাশে ঘিরে ধরে মুখের ভেতর পিস্তল ঠেলে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত চা বিক্রেতা লালন মন্ডল (৫০) কেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। আহত লালন মন্ডলকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার একরামুল হক জানান, লালনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, তবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।
আহত লালনের পরিবারের সদস্যরা জানান, লালন একজন দরিদ্র চা বিক্রেতা। ঘটনার সময় তিনি পাশের এলাকায় মাছ ধরতে যাওয়া তার ছেলেকে আনতে যাচ্ছিলেন, সেই সময়ও তাকে আঘাত করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়রা নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।


















