ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৭২টি নিষিদ্ধ পোনা মাছ নিধন রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনাটি ঘটেছে ১১ আগস্ট সোমবার, উপজেলার হরষপুর ইউনিয়নের লোহর নদীর দেওয়ানবাজার থেকে বুল্লা ব্রিজ এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে ৭২টি রিং জাল উদ্ধার করা হয়, যেগুলির বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা।
জব্দকৃত জালগুলো পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরার উপস্থিতিতে জনসম্মুখে আগুন দিয়ে বিনষ্ট করা হয়। অভিযানে মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা অভিযান চালাই। নিষিদ্ধ জালগুলি জব্দ করে পরবর্তীতে ইউএনও স্যারের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের আইনগত ব্যবস্থা জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রসঙ্গত, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী, পোনা মাছ নিধন বা প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। এই ধরনের অবৈধ জাল ব্যবহার করলে মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা দেশের মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। তাই সরকার ও প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ কার্যক্রম প্রতিহত করছে।
সরকারি কর্মকর্তাদের আশাবাদ, ধারাবাহিক তদারকি ও জনসচেতনতার মাধ্যমে ভবিষ্যতে নদী ও জলাশয়গুলোতে অবাধে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দৈনিক টার্গেট 















