বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে অনুষ্ঠিত এই শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-র পক্ষে একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষিকা মেহরীন চৌধুরী ছিলেন মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রতিক এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিজের জীবন উৎসর্গ করে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষার যে নিদর্শন স্থাপন করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিমান বাহিনীর এই শ্রদ্ধা নিবেদন ছিল তাঁর আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান প্রদর্শনের অংশ। দেশের শিক্ষা ও মানবিকতার পরিমণ্ডলে মেহরীন চৌধুরীর এই অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

















