আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরের আগেই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Thank you for reading this post, don't forget to subscribe!আবহাওয়া অধিদপ্তরের ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত জারিকৃত বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ ড. মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত এই পূর্বাভাসে আরও জানানো হয়, সামুদ্রিক নৌযান ও নদীপথে চলাচলকারী সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
এদিকে সর্বশেষ সারাদেশের ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে, আর ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না; অর্থাৎ আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে।