Site icon দৈনিক টার্গেট

কয়রায় বালু উত্তোলনে ২ জনের কারাদণ্ড

Oplus_131072

খুলনার কয়রা উপজেলায় গভীর রাতে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিনগত রাত আনুমানিক তিনটার দিকে কয়রার সদর ইউনিয়নের হরিণখোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন চলছিল গোপনে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকি। তিনি ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে হাতে-নাতে আটক করেন এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করেন।

আটক ব্যক্তিরা হলেন- দাকোপ উপজেলার খোটাখালি গ্রামের বিশ্বজিৎ বাছাড় (পিতা: নিরঞ্জন বাছাড়) এবং মোংলা উপজেলার খড়খড়িয়া গ্রামের হাসান হাওলাদার (পিতা: ফজলু হাওলাদার)।

ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(গ) ধারা লঙ্ঘন ও ১৫(১) ধারার অধীনে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকি বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের মারাত্মক ক্ষতি করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন দীর্ঘদিন ধরে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version