খুলনার কয়রা উপজেলার গহিন এলাকায় একটি বিশেষ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!কোস্টগার্ডের পক্ষ থেকে বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়রা থানার অন্তর্গত পাতাখালী গ্রাম সংলগ্ন একটি অঞ্চলে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন কয়রার সদস্যরা। রাত ১১টার দিকে অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় হরিণ শিকারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জব্দকৃত মাংস পরবর্তীতে বনবিভাগের বজবজা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।