Site icon দৈনিক টার্গেট

ঢাকায় ৪৫ মি.মি. বৃষ্টি, দক্ষিণাঞ্চলের নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ‘ভারি বৃষ্টি’ হিসেবে শ্রেণিবদ্ধ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ ৯ জুলাই সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা পূর্ব দিনের অনুরূপ থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার রাতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Exit mobile version