চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন মোহরা পুলিশ বক্সের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মোঃ আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ। পরে চান্দগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. মোরশেদ (৩১) এবং মোঃ করিম (৩৮) নামে দুই হামলাকারীকে আটক করে।
পুলিশ জানায়, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত তল্লাশি চলাকালে একটি সিএনজি অটোরিকশার দুই যাত্রীর পরিচয় জানতে চান ডিউটিরত পুলিশ সদস্যরা। এসময় তারা একেকবার একেক নাম বলেন। এতে সন্দেহ হওয়ায় তাদেরকে অটোরিকশা থেকে নেমে পরিচয়পত্র দেখাতে বলায় ওই যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা পুলিশ সদস্যদের গালাগালি করতে থাকে। এসময় অন্য পুলিশ সদস্যরা ঘটনাটি ভিডিও রেকর্ড করে রাখার চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে বসেন ওই দুই যুবক। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটক ২ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


















