Site icon দৈনিক টার্গেট

বিজয়নগরে স্কপ সিরাপসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্কপ সিরাপসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৪ জুলাই, ২০২৫) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. রকিব মিয়া ওরফে রাকিব (৩৭) নামে এক ব্যক্তি আটক হন। তিনি ওই গ্রামের মো. জনাব আলীর ছেলে।

বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাঞ্চনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহবুব আলম সরকার। তার সঙ্গে সঙ্গীয় ফোর্সও অংশ নেয়।

অভিযানের সময় রকিবের নিজ বসতবাড়ির মাটির ঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় রকিবকে ঘটনাস্থল থেকেই আটক করা হয় এবং উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকের তালিকা প্রস্তুত করা হয়।

এ বিষয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলার এফআইআর নম্বর ২২ এবং জিআর নম্বর ২৬৮। বর্তমানে আটক আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রকিব মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার গ্রেফতারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে এবং এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

Exit mobile version