ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার বিকেল থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এ কারণে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইটের নির্ধারিত সময় পরিবর্তন করে রাত ৩টায় নেয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ফ্লাইট সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, আগুনের কারণে ফ্লাইট পরিচালনায় সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় যোগ দেয় নৌবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার টিমও।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অগ্নিনির্বাপক ইউনিটও সক্রিয়ভাবে অংশ নেয় আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে।
একজন জ্যেষ্ঠ পাইলট জানান, কার্গো কমপ্লেক্সের পার্কিং স্ট্যান্ড ১৪ নম্বরের কাছাকাছি এলাকায় আগুন লেগেছিল। তবে সব বিমান নিরাপদে রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও বেসামরিক সংস্থাগুলো যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।