মানবিক চিকিৎসক চানু ডাক্তারের ইন্তেকাল

ঢাকাদেশজুড়ে

সেহাংগল এলাকার সুপরিচিত মানবিক চিকিৎসক আব্দুল হান্নান (চানু ডাক্তার) আর নেই। আজ সকাল ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুম আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, ছিলেন অসহায় ও দরিদ্র মানুষের আস্থার প্রতীক। স্থানীয়দের ভাষ্যমতে, চিকিৎসাসেবার পাশাপাশি তিনি মানুষের খোঁজখবর নিতেন এবং মানবিক আচরণের মাধ্যমে সকলের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। বিশেষ করে দরিদ্র রোগীদের প্রতি তার আন্তরিকতা ও সহানুভূতি ছিল প্রশংসনীয়।

স্থানীয় বাসিন্দারা জানান, চানু ডাক্তার সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। দিন কিংবা রাত- যেকোনো প্রয়োজনে মানুষ তার কাছে ছুটে যেত। এলাকার অসংখ্য মানুষ তার কাছ থেকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা পেয়েছেন। ফলে তার মৃত্যুতে সেহাংগল এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

তার ইন্তেকালের খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রবাসী সেহাংগল সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম খান এবং সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন আহমেদ এক যৌথ শোকবার্তায় বলেন, “মরহুম আব্দুল হান্নান ছিলেন একজন মানবিক ও সেবাপরায়ণ ব্যক্তি। তার মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

এদিকে, তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বাড়িতে ভিড় করেন। অনেকেই স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলির অধিকারী একজন মানুষ। মানুষের কল্যাণে তার অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবেন। তার মৃত্যুতে সেহাংগলসহ আশপাশের এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।