পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে চরম হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। ফলে পাসের হার দাঁড়িয়েছে ০ শতাংশে।
Thank you for reading this post, don't forget to subscribe!২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। জানা যায়, পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ১০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ৮ জন। কিন্তু কেউই পাস করতে না পারায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, গত বছর এই বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০ জন উত্তীর্ণ হয়েছিল। এবারের ফলাফল দেখে তাঁরা মনে করছেন, শিক্ষকদের গাফিলতি এবং দায়িত্বহীনতাই এমন ফলাফলের জন্য দায়ী। একজন অভিভাবক বলেন, “স্কুলের শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নেন না, শুধু মাস শেষে বেতন তুলতেই স্কুলে আসেন।”
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। নিয়মিত পাঠদান না থাকায় শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। এমনকি বিদ্যালয়ের কিছু ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন জিলানী জানান, “বিদ্যালয়টি ২০২৩ সালে নতুন পাঠদানের অনুমোদন পেয়েছে। বর্তমানে গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে কোনো নিয়োগপ্রাপ্ত শিক্ষক নেই। মাত্র পাঁচজন শিক্ষক দিয়েই বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। টেকনিক্যাল কারণে কিংবা খাতা মূল্যায়নে কোনো সমস্যা হতে পারে।”
দশমিনা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নেছার উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল এবং অভিভাবকরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে বিদ্যালয়টির শিক্ষার মান পুনরুদ্ধার সম্ভব হয় এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের এমন হতাশাজনক পরিণতি বরণ না করতে হয়।


















