নারীই উন্নয়নের চালিকা শক্তি: হেলাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে মাত্র এক বছরের মধ্যেই দেশে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বুধবার (১৫ অক্টোবর) খুলনার কয়রায় উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আজিজুল বারী হেলাল বলেন, “বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দারিদ্র্য দূরীকরণে আমরা চালু করব ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থা। এই কার্ডের মালিক হবেন পরিবারের গৃহিণী, যার মাধ্যমে পরিবারের সদস্যরা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। নারীই হবে পরিবারের অর্থনৈতিক ভরসা।”
তিনি আরো জানান, কৃষিকে শক্তিশালী করতে ‘কৃষি কার্ড’ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। এই কার্ডের সুবিধাভোগী হবেন একজন কৃষাণী, যিনি পরিবারের পক্ষ থেকে সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারবেন।
তার ভাষায়, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অগ্রগতির মূল চালিকা শক্তি হলো নারী সমাজ। নারী যদি এগিয়ে যায়, দেশও এগিয়ে যাবে।”
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে আজিজুল বারী হেলাল বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা নিরপেক্ষ থাকুন। কোনো দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব যেন নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ না করে। জনগণ ন্যায়সঙ্গত ভোটের অধিকার ফিরে পেতে চায়।”
সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, সহায়তা করেন যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে ইবাদুল হক রুবায়েদ এবং বিশেষ বক্তা নাদিমুজ্জামান জনি।
এছাড়া বক্তব্য রাখেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান, আবু সাইদ বিশ্বাস, সাবেক যুবদল নেতা জাহিদ হোসেন শোভন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, জাসাসের আহ্বায়ক জামাল ফারুক জাফরিন, এবং ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজসহ অনেকে।
এই যুব সমাবেশে বক্তারা নারী ও যুব সমাজের ক্ষমতায়নের ওপর জোর দেন এবং বিএনপির প্রস্তাবিত কর্মসূচিকে দেশের সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে বর্ণনা করেন।
