পেট্রোল ঢেলে স্ত্রী হত্যা, স্বামীর ফাঁসির দাবি এলাকাবাসীর

দেশজুড়ে

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত নারীর পরিবারের সদস্যরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত গৃহবধূ বিথী আক্তার (২৫) সৈয়দপুর উপজেলার দক্ষিণ বড়বাড়ি পশ্চিম বেলপুকুর এলাকার বাসিন্দা বাবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী সাজু খান একই উপজেলার জাম্বাবাগান এলাকার নজরুল ইসলাম চেল্লুর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৯ মে রাতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযোগ উঠেছে, স্বামী সাজু খান ক্ষিপ্ত হয়ে স্ত্রী বিথী আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নেওয়া হয়। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিথী আক্তারের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। চার বছরের একমাত্র সন্তানকে রেখে তার এভাবে চলে যাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শিশুটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাজু খান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।