দৈনিক টার্গেট

দেশের চেতনায়

বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার শপথ নিল শিক্ষার্থীরা

কুষ্টিয়ায় কিশোর-তরুণদের সচেতন করতে বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী স্মার্টফোনের অপব্যবহার, অশ্লীল কনটেন্ট, বাল্যবিবাহ এবং মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এবং সাংবাদিক হাবীব চৌহানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান এবং আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুজ্জামান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত না হলে এটি কিশোর-তরুণদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে অনলাইন গেমে আসক্তি, অনৈতিক কনটেন্টে প্রবেশ এবং সাইবার অপরাধের মতো সমস্যা তাদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তারা আরও বলেন, এসব সমস্যা থেকে উত্তরণের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক দিকনির্দেশনা দেওয়া জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে—তারা স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকবে, সময়কে সঠিকভাবে কাজে লাগাবে, অনৈতিক ও অশ্লীল কনটেন্ট পরিহার করবে, নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করবে এবং বাল্যবিবাহ ও মাদককে সম্পূর্ণভাবে ‘না’ বলবে।

অনুষ্ঠানে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি তরুণদের প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান।