Site icon দৈনিক টার্গেট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই, বুধবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নেওয়া এ পরীক্ষা শেষ হয় ১৩ মে।

এ বছর মোট ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী।

আগামী ১০ জুলাই সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস ও নিজ বিদ্যালয়ের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

ফলাফল প্রকাশ ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি রয়েছে কিছুটা উদ্বেগও। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফলে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Exit mobile version