২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রবিবার সকাল ১০টায় প্রকাশ করা হচ্ছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানান, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছিল। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়। এবছর আবেদনকারীর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারে ৯২ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছেন। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় ২১ হাজার এবং খাতা চ্যালেঞ্জের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়েছে।
বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন এসেছে গণিত বিষয়ে ৪২ হাজার ৯৩৬টি খাতা। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানভাবে ১৯ হাজার ৬৮৮টি করে আবেদন জমা পড়েছে। পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। চারু ও কারুকলা বিষয়ে আবেদন সবচেয়ে কম, মাত্র ৬টি খাতা।
পুনঃনিরীক্ষণের প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর যোগে ভুল, বাদ পড়া প্রশ্নের নম্বর, অথবা ওএমআর শিটে তথ্য সঠিকভাবে সংযুক্ত হয়েছে কিনা এসব যাচাই করা হয় এবং প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন ছেলে এবং দুই লাখ ৭৫ হাজার ৯৪৪ জন মেয়ে শিক্ষার্থী।















Leave a Reply