পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মর্মান্তিক মৃত্যু শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার ৮ জুলাই করাচির ডিফেন্স এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রায় এক মাস পর তার মৃতদেহ উদ্ধার হওয়ায় নেমে এসেছে বিস্ময় ও বেদনার ছায়া।
লাহোরে জন্ম নেওয়া হুমাইরা স্বপ্ন পূরণের আশায় করাচিতে চলে আসেন। ২০১৩ সালে মডেলিং ক্যারিয়ার শুরু করে তিনি আলী জিশান, দীপক পরওয়ানি ও সানা সাফিনাজের মতো খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজ করেন। পাশাপাশি জিলেবি ও লাভ ভ্যাকসিন চলচ্চিত্রে অভিনয় এবং ২০২২ সালের জনপ্রিয় রিয়েলিটি শো “তামাশা”-তে অংশগ্রহণ করে দর্শকমহলে পরিচিতি লাভ করেন।
তবে এই তারকাজীবনের আড়ালে ছিল এক অস্পষ্ট একাকিত্ব ও মানসিক চাপ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে হুমাইরার একটি পুরোনো ভিডিও, যেখানে তিনি শোবিজ ইন্ডাস্ট্রির ভণ্ডামি ও কৃত্রিমতার বিরুদ্ধে সরব হন।
সাক্ষাৎকারে হুমাইরা বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রিতে অনেকেই কৃত্রিম মুখোশ পরে থাকেন। আমি চেষ্টা করেছি মানিয়ে নিতে, কিন্তু এই ভুয়া সৌজন্য আমি শিখতে চাইনি।” তার এই বক্তব্য মৃত্যুর পর নতুন মাত্রা পেয়েছে, যা শোবিজ দুনিয়ার অন্ধকার দিকগুলো নিয়ে প্রশ্ন তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেছেন, শোবিজ অঙ্গনে মানসিক স্বাস্থ্য ও সহানুভূতির অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সৃজনশীল পেশায় জড়িত নারীরা প্রায়ই এক ধরনের ‘অদৃশ্য চাপ’ ও নিঃসঙ্গতার শিকার হন, যা দীর্ঘমেয়াদে তাদের ওপর গভীর প্রভাব ফেলে। হুমাইরার মৃত্যু সেই অদৃশ্য সংকটকে আবারও সামনে এনেছে।
এদিকে করাচি পুলিশ জানিয়েছে, এখনো হুমাইরার মৃত্যুর সঠিক কারণ বা সময় নির্ধারণ করা সম্ভব হয়নি। তার দেহ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
হুমাইরার আকস্মিক বিদায় শুধু শোকই নয়, বরং শোবিজ ইন্ডাস্ট্রিকে নতুন করে ভাবতে বাধ্য করছে আতশকাচের নিচে আসছে তারকাদের মানসিক স্বাস্থ্য, সহানুভূতির পরিবেশ ও শিল্পজীবনের প্রতিকূল বাস্তবতা।
দৈনিক টার্গেট 














