Site icon দৈনিক টার্গেট

১০৩ ডিগ্রি জ্বরে র‍্যাম্প মাতালেন রাজ রিপা

রাজ রিপা

নতুন প্রজন্মের উদীয়মান চিত্রনায়িকা রাজ রিপা আবারও প্রমাণ করলেন, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিই শিল্পীর প্রধান শক্তি। অসুস্থ অবস্থায়, শরীরে তাপমাত্রা যখন ১০৩ ডিগ্রি, তখনও থেমে থাকেননি তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি এক জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটলেন শো স্টপার হিসেবে আর সেই মুহূর্তেই মন জয় করলেন দর্শকদের।

রাজ রিপা জানান, জ্বর থাকা সত্ত্বেও মঞ্চে উঠতেই দর্শকের চিৎকার, উচ্ছ্বাস আর প্রশংসায় তিনি আপ্লুত। “মঞ্চে পা রাখতেই চারপাশ থেকে ভেসে আসছিল ‘ওয়াও’, ‘মাশাআল্লাহ’, ‘হাবিবি’ এই শব্দগুলো আমাকে যেন নতুন করে শক্তি দিয়েছে। দর্শকের এই ভালোবাসাই আমার সব কষ্টের পুরস্কার,” বলেন তিনি।

তিনি আরও জানান, এই প্রথমবারের মতো তিনি কোনো অনুষ্ঠানে শো স্টপার হিসেবে অংশ নিলেন, আর সেটাও এমন এক পরিস্থিতিতে যখন শরীর পুরোপুরি ভেঙে পড়ার মতো। কিন্তু দর্শকের মুখে হাসি ফোটানোই ছিল তার মূল লক্ষ্য।

২০২০ সালে রাজ রিপা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ‘দহন’ সিনেমায় একটি সংক্ষিপ্ত চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার পর্দায় অভিষেক হয়। এরপর ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘মুক্তি’ নামের একটি ছবিতে কাজ করেন, যা বর্তমানে মুক্তির অপেক্ষায়। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘ময়না’ সিনেমায়, যেখানে তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

নতুন হলেও রাজ রিপার পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠা তাকে আলাদা করে চিনিয়ে দিচ্ছে। অসুস্থ অবস্থায়ও র‍্যাম্পে তার অসাধারণ উপস্থিতি এবং দর্শকের প্রতি ভালোবাসা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করল। শিগগিরই হয়তো তাকে আরও নিয়মিত দেখা যাবে ফ্যাশন র‍্যাম্পেও, যেমনটি তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন।

Exit mobile version