আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি পালিত হচ্ছে। বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।
এই বিশেষ দিনে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে শুটিংইউনিটে কাজ করা কর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে ক্যামেরার পেছনে নিরলস পরিশ্রম করা মানুষদের অবদান তুলে ধরেন।
শাকিব খান বলেন, একটি সিনেমা বা যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে শুধু অভিনেতানয়, বরং শুটিংয়ের সঙ্গে যুক্ত প্রতিটি টেকনিক্যাল ও সহায়ক কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাদের শ্রম, নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই পুরো কাজ এগিয়ে যায় এবং সফলতা অর্জন সম্ভব হয়।
বর্তমানে এই অভিনেতা ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘রকস্টার’–এর শুটিং নিয়ে। সিনেমাটির গল্প ও উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনায় আছেন আজমান রুশো।
এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন‘তাণ্ডব’ সিনেমায়, যা দর্শকমহলে বেশ আলোচনায় ছিল।
মে দিবসের এই দিনে শাকিব খানের এমন বার্তা বিনোদন অঙ্গনের নেপথ্য কর্মীদের প্রতি সম্মান ও স্বীকৃতির একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক টার্গেট 

























