“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এই স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় কয়রা বাজারের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল ফারিয়ার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটেটিভরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অযাচিত হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কয়রা ফারিয়ার সভাপতি আবু সুফিয়ান, জায়গীরমহল ফারিয়ার সভাপতি ইউনুস আলী, শিবলী সাদিক, মনিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ, রেজাউল করিম, আব্দুল কাদের ও ইয়াছিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেনটেটিভরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, নতুন ও কার্যকর ওষুধ সম্পর্কে অবহিত করা এবং রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে তারা প্রতিনিয়ত কাজ করছেন। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করা হয় এবং অযথা হয়রানির শিকার হতে হয়।
তারা আরও বলেন, একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভকে উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত হয়ে এই পেশায় কাজ করতে হয়। দীর্ঘ সময় পরিশ্রম, নিয়মিত ভ্রমণ এবং নানা প্রতিকূলতার মধ্যেও তারা দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই এ পেশাকে সম্মানজনক হিসেবে মূল্যায়ন করা এবং তাদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভদের বিরুদ্ধে অযাচিত অপবাদ ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে মেডিকেল রিপ্রেজেনটেটিভরা আরও সম্মান ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 






















