সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন ডেঙ্গু রোগী।
মঙ্গলবার ৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে ১২০ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, ঢাকা উত্তরে ৩৮ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ৩৬ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ১ দিনে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ৩৭৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ১১ হাজার ৭৮৬ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ১৩ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
প্রসঙ্গত, ২০২৪ সালের পুরো বছরে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন।
















Leave a Reply