ঢাকায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ৭ মার্চ রাতে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের একটি কর্মসূচি ঘোষণা করেন ইমি ও তার সহযাত্রীরা। পরে একটি রিকশায় মাইক বসিয়ে তারা শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ বাজানো শুরু করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের এই কর্মসূচিতে বাধা দেন। বাধাদানকারীদের মধ্যে ছিলেন এ বি জুবায়ের, মুসাদ্দিককে আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির।
পরিস্থিতি একপর্যায়ে উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে রিকশাসহ শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ তাদের আটক করে রাখে।
পরদিন ৮ মার্চ পুলিশ ওই তিনজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠায়। মামলাটি দায়ের করে শাহবাগ থানা পুলিশ নিজেই বাদী হিসেবে।
পরবর্তীতে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলতে থাকে এবং সর্বশেষ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার মাধ্যমে ইমি আপাতত মুক্তির পথ পেলেন। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।
দৈনিক টার্গেট 

























