বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য আনুষ্ঠানিক অর্ডার দিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “বোয়িংয়ের ব্যবসাটা যুক্তরাষ্ট্র সরকার নয়, বরং বোয়িং কোম্পানি নিজে করে। আমরা ইতোমধ্যে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য বোয়িংকে অর্ডার দিয়েছি।”
সচিব আরো জানান, এর আগে ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া বোয়িং থেকে যথাক্রমে ১০০টি করে উড়োজাহাজ অর্ডার দিয়েছে। সুতরাং, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন ও সরবরাহ সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ করবে, যা সময়সাপেক্ষ।
এদিকে, যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এতে ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসতে পারে, যা তৈরি পোশাক শিল্পসহ দেশের রপ্তানি খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
বাণিজ্য সচিব বলেন, “এই পরিস্থিতিতে আমরা মার্কিন ব্যবসার সঙ্গে বৃহত্তর সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বোয়িং থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে।”
বিশ্লেষকদের মতে, বোয়িংয়ের সঙ্গে এমন বড় অর্ডার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে সহায়তা করবে। এটি বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, এই উদ্যোগ বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিক বার্তাও বটে, যেখানে ব্যবসায়িক সম্পর্ককে কূটনৈতিক সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এখন দেখার বিষয়, ১ আগস্টের আগেই এই অর্ডার কোনো প্রভাব ফেলতে পারে কি না এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কতটা উন্নয়নমূলক পথে এগোয়।
দৈনিক টার্গেট 














