বাংলাদেশের মাত্র ২৭.২৪% নাগরিক মনে করেন, তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’-তে এ তথ্য উঠে এসেছে। জরিপটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দেশের ৬৪ জেলার ১ হাজার ৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে (পিএসইউ) পরিচালিত হয়। এতে ৮ লাখ ৩১ হাজার ৮০৭ জন ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী নাগরিক অংশ নেন।
জরিপে দেখা যায়, শহর (২৭.৮৭%) ও গ্রামে (২৬.৯৪%) মতামত প্রকাশের ক্ষেত্রে পার্থক্য তুলনামূলক কম হলেও, লিঙ্গভিত্তিক পার্থক্য রয়েছে। পুরুষদের মধ্যে ৩১.৮৬% এবং নারীদের মধ্যে মাত্র ২৩.০২% মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশ করতে পারেন।
এছাড়া, দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন বলে মনে করেন ২১.৯৯% নাগরিক। এদের মধ্যে পুরুষ ২৬.৫৫% এবং নারী ১৭.৮১%।
জরিপে ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত তথ্যও উঠে এসেছে। গত এক বছরে সরকারি সেবা গ্রহণকারী নাগরিকদের মধ্যে ৩১.৬৭% ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন। সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হতে হয়েছে বিআরটিএ (৬৩.২৯%), এরপর রয়েছে পুলিশ বাহিনী (৬১.৯৪%), পাসপোর্ট অফিস (৫৭.৪৫%) এবং ভূমি রেজিস্ট্রি অফিস (৫৪.৯২%)।
অন্যদিকে, আশার আলো হিসেবে দেখা দিয়েছে নাগরিকদের নিরাপত্তা নিয়ে অনুভূতি। ৮৪.৮১% নাগরিক জানিয়েছেন, সন্ধ্যার পর নিজ এলাকায় একা চলাফেরা করতে তারা নিরাপদ বোধ করেন।
জাতিসংঘের এসডিজি-১৬ অনুযায়ী সুশাসন, নিরাপত্তা, বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ জরিপের মাধ্যমে ছয়টি সূচকের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে।