বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় নতুন অধ্যায় সূচিত হলো ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল স্টার নিউজ টেলিভিশন–এর পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু হওয়ার মাধ্যমে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেলটি।
Thank you for reading this post, don't forget to subscribe!নির্ভুলতা, দ্রুততা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে স্টার নিউজ টেলিভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। চ্যানেলটির লক্ষ্য-সংবাদ উপস্থাপনায় পেশাদারিত্বের নতুন মানদণ্ড তৈরি করা।
স্টার নিউজ টেলিভিশনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ ফুল স্টুডিও অটোমেশন ব্যবস্থা। বিশ্বের খ্যাতনামা সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাভেকো (Aveco)–এর সর্বাধুনিক অটোমেশন সিস্টেম ব্যবহার করে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেল সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির আওতায় সংবাদ কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে সংবাদ প্রস্তুত থেকে সম্প্রচার পর্যন্ত প্রতিটি ধাপ দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
চ্যানেলটির কর্তৃপক্ষ জানায়, আধুনিক অটোমেশন ব্যবস্থার ফলে মানবিক ত্রুটি কমে আসবে এবং দর্শকরা পাবেন আরও নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ। পাশাপাশি উন্নত গ্রাফিক্স, ডিজিটাল নিউজ প্রোডাকশন সিস্টেম এবং অত্যাধুনিক স্টুডিও সেটআপ ব্যবহার করে সংবাদ উপস্থাপনাকে করা হয়েছে আরও আকর্ষণীয়।
স্টার নিউজ টেলিভিশনে নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি থাকছে সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান, টকশো, বিশেষ প্রতিবেদন এবং অনুসন্ধানী সাংবাদিকতা। দেশ ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তি-সব ক্ষেত্রের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরার পরিকল্পনা রয়েছে চ্যানেলটির।
চ্যানেলটির মালিকানায় রয়েছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দীর্ঘদিনের করপোরেট অভিজ্ঞতা ও পেশাদার ব্যবস্থাপনার প্রতিফলন দেখা যাচ্ছে স্টার নিউজের পরিচালনা কাঠামোতে।
স্টার নিউজ টেলিভিশনের হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান মিরাজ। তার নেতৃত্বে একটি প্রশিক্ষিত ও দক্ষ সংবাদ টিম গড়ে তোলা হয়েছে, যারা নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনে কাজ করছে।
অন্যদিকে, চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বে রয়েছেন মোখছেদুল কামাল বাবু। তার নেতৃত্বে প্রযুক্তিনির্ভর সম্প্রচার ব্যবস্থা ও দর্শকবান্ধব কনটেন্টের সমন্বয়ে স্টার নিউজ দ্রুতই একটি শক্ত অবস্থান তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
চ্যানেল কর্তৃপক্ষের প্রত্যাশা, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্টার নিউজ টেলিভিশন দর্শকদের আস্থা অর্জন করবে এবং গণতন্ত্র, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
দৈনিক টার্গেট 















