রাজধানী ঢাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে একদিনেই পরিচালিত হলো একাধিক চেকপোস্ট ও টহল অভিযান। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন পয়েন্টে ৪৭১টি টহল দল এবং ৬৬টি স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ডিএমপির তথ্য অনুসারে, মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শহরের ৫০টি থানার আওতায় এই ব্যাপক নিরাপত্তা তৎপরতা চলে। দিনে ২১২টি ও রাতে ২৫৯টি টহল টিম সক্রিয়ভাবে কাজ করে, যার মধ্যে মোবাইল টিম ছিল ২১২টি, ফুট পেট্রোল ২০টি এবং হোন্ডা টিম ২৭টি।
এ সময় সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয় ১৮৬ জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, চোর, মাদক কারবারি, প্রতারক ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি। পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালীন সময়ে একাধিক অপরাধে ব্যবহৃত ১১টি মোবাইল, একটি বাস এবং নগদ ১৩ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।
মাদকের বিরুদ্ধে অভিযানও ছিল জোরালো। আইনশৃঙ্খলা বাহিনী এ সময় উদ্ধার করে ১০ হাজার ৬৫টি ইয়াবা, এক কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরোইন।
এছাড়াও রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ২৮৪৫টি মামলা দায়ের করে। যানবাহনের বিশৃঙ্খলা ঠেকাতে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে এসব কার্যক্রম নিয়মিত চলবে। জনসাধারণের শান্তিপূর্ণ চলাচল ও নিরাপদ ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ডিএমপি কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে সর্বোচ্চ আন্তরিকতায়।