আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দোকানপাট ও বিপণিবিতানের ব্যবসায়িক সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে সারা দেশের শপিংমল, মার্কেট ও বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্র রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঈদের আগ পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।
বৃহস্পতিবার দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের বাড়তি চাপ সামাল দিতে ব্যবসায়ীরা দোকান খোলা রাখার সময় আরও বাড়ানোর অনুরোধ করেছিলেন। তাদের পক্ষ থেকে রাত ১১টা পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি চাওয়া হলেও সরকার আপাতত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার ব্যবসায়ীদের কিছু নির্দেশনা দিয়েছে। বিশেষ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় রেখে সবাইকে সচেতনভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

আজ ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে সেই সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসা চালানোর সুযোগ দেওয়া হয়।
ব্যবসায়ীরা মনে করছেন, ঈদের আগে কেনাকাটার ব্যস্ত সময়ে দোকান খোলা রাখার সময় বৃদ্ধি পাওয়ায় ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই উপকৃত হবে। বিশেষ করে শেষ মুহূর্তের কেনাকাটায় বাড়তি সময় পাওয়ায় নগর এলাকার শপিংমলগুলোতে ক্রেতাদের চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক টার্গেট 




















