রাজধানীতে অপরাধ দমনে আরও সক্রিয় হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করে তাদের কার্যক্রম নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
শনিবার দুপুরে কাওরান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি বলেন, অতীতের মতো বড় সন্ত্রাসী চক্র এখন তেমন সক্রিয় না থাকলেও নতুনকরে কিছু ব্যক্তি ও গোষ্ঠী প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এসব চক্র যাতে শক্তিশালী হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে আগেভাগেই নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কাওরান বাজারে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং যেকোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সদস্যসংখ্যাও বাড়ানো হবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলা নিতে গড়িমসি বা অস্বীকৃতির অভিযোগ প্রসঙ্গে মো. সরওয়ার বলেন, কোনো ভুক্তভোগী থানায়সেবা না পেলে সরাসরি সংশ্লিষ্ট জোনের সহকারী কমিশনার (এসি), উপ-কমিশনার (ডিসি) অথবা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের পাশাপাশি ধারাবাহিকঅভিযান অব্যাহত থাকবে। কাওরান বাজারে স্থাপিত নতুন পুলিশ ক্যাম্পকে কেন্দ্র করে এই এলাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য নিয়েই কাজ করছে পুলিশ।
দৈনিক টার্গেট 





















