সিলেট মহানগরে নিবন্ধনবিহীনভাবে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের শেষ দিন আজ, ১ মে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জারি করা নির্দেশনা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে অনুমোদনহীন সব অনলাইন সংবাদমাধ্যম বন্ধ বা ডোমেইন অপসারণ করতে হবে।
গত ২৯ এপ্রিল এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিবন্ধন ছাড়া কোনো অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা বৈধ নয়।
পুলিশের দাবি, সিলেট অঞ্চলে বেশ কিছু অনিবন্ধিত পোর্টাল নিয়মিতভাবে বিভ্রান্তিকর, মিথ্যা, অপপ্রচারমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে। এসব কার্যক্রম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, মানহানি ঘটাচ্ছে এবং রাষ্ট্রবিরোধী প্রচারণার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এসএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে অনিবন্ধিত নিউজ পোর্টালের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক, কমেন্ট বা প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তবে পুলিশের এই পদক্ষেপ ঘিরে সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা আরও জোরালো হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কোনো সংবাদমাধ্যম বন্ধে সরাসরি পুলিশ প্রশাসনের ক্ষমতা রয়েছে কিনা এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কিনা।
আজ সন্ধ্যা ৬টার সময়সীমা শেষ হওয়ার পর এসএমপি কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিই এখন সিলেটের অনলাইন গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন স্থানীয় সাংবাদিক, সংবাদকর্মী ও সচেতন মহল।
দৈনিক টার্গেট 


























