মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অবশেষে স্বস্তির খবর পেল বাংলাদেশ। আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের জাহাজগুলোকে প্রণালি পার হওয়ার অনুমোদন দিয়েছে এবং এগুলোকে নিরাপদে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে সমন্বিতভাবে কাজ চলছে।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে কিছুটা অসন্তোষের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, উদ্বেগ প্রকাশের পাশাপাশি স্পষ্টভাবে নিন্দা জানানোও গুরুত্বপূর্ণ ছিল।
সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ-ইরান সম্পর্ককে ‘ভ্রাতৃত্বপূর্ণ’ উল্লেখ করে বলেন, কঠিন সময়ে এক দেশের পাশে অন্য দেশের দাঁড়ানো প্রত্যাশিত।
বর্তমান পরিস্থিতিতে জাহাজগুলো নিরাপদে দেশে ফেরার পথে রয়েছে বলে আশা করা হচ্ছে।
দৈনিক টার্গেট 


















