দৈনিক টার্গেট

দেশের চেতনায়

হাসিনাকে নিয়ে ভুয়া ফটোকার্ড, কালের কণ্ঠের নয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়-সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মন্তব্য করেছেন, ‘আর একটু অপেক্ষা করুন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে লাখো জনতা রাস্তায় নামবে।’ ফটোকার্ডটিতে কালের কণ্ঠ পত্রিকার ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।

তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করেনি। যাচাই-বাছাইয়ে নিশ্চিত হওয়া গেছে, এটি সম্পূর্ণভাবে ভুয়া ও মনগড়া একটি প্রচারণা।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, আলোচিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো ও নির্দিষ্ট একটি তারিখ ব্যবহার করা হলেও ওই তারিখে সংবাদমাধ্যমটির কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এমন কোনো কনটেন্ট পাওয়া যায়নি। তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট খুঁজেও এ সংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব মেলেনি।

এছাড়া, ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, কালের কণ্ঠের নিয়মিত ফটোকার্ডের সঙ্গে এর ডিজাইন ও ফন্টের পার্থক্য রয়েছে, যা থেকে স্পষ্ট হয়-এটি ডিজিটালি নকল করে তৈরি করা হয়েছে।

অন্যদিকে, এম এ আজিজের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে প্রকাশিত একটি সংবাদে ভিন্ন প্রসঙ্গ উঠে আসে, যেখানে তিনি অন্য রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেছেন। তবে আলোচিত ফটোকার্ডে যে বক্তব্য তার নামে প্রচার করা হয়েছে, তার সঙ্গে ওই বক্তব্যের কোনো মিল নেই।

সব মিলিয়ে, কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি বিভ্রান্তিকর এবং তথ্যভিত্তিক নয়। ব্যবহারকারীদের এ ধরনের যাচাইবিহীন কনটেন্ট শেয়ার করার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।