নীলফামারী ১ ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে বুধবার ০৫ মার্চ দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোঃ মজিদ আলী দৈনিক টার্গেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে অর্থের জোগান, অস্ত্রের ব্যবহার, বলপ্রয়োগ, হামলা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ মাস্টার মাইন্ড হিসেবে তিনটি মামলা করা রয়েছে। তার মধ্যে রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা ও নীলফামারী জেলায় দুটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান সঙ্গে ছিলেন।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাসহ তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার ৬ মার্চ সকালে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে আদালতে নেওয়া হবে।
আফতাব উদ্দিন সরকার ২০১৪, ২০১৮ সালের একতরফাভাবে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোটার বিহীন একতরফাভাবে নির্বাচনেও নীলফামারী-১ আসনে এমপি হিসেবে নির্বাচিত হন তিনি।


















