প্রশ্নফাঁস গুজবে কান না দিতে আহ্বান শিক্ষামন্ত্রীর

রাজনীতি

এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে স্পষ্টভাবে জানিয়েছেন, এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে শান্ত থাকতে হবে।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

কিছু অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। এসব কার্যক্রম নজরদারিতে রয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ ধরনের গুজব স্বাভাবিকভাবেই সরকারকে বিব্রত করে, তবে বাস্তব চিত্র ভিন্ন। এখন পর্যন্ত পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলেই মনে করছেন তিনি। শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে জানান মন্ত্রী।

পরীক্ষার সময়সূচি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সকল পাবলিক পরীক্ষা শেষ করার একটি পরিকল্পনা রয়েছে। এর ফলে জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের জন্য কোনো বিরতি বা অনিশ্চয়তা থাকবে না।

এই লক্ষ্য বাস্তবায়নে পাঠ্যসূচি, ক্লাস কার্যক্রম ও মূল্যায়ন প্রক্রিয়াকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার কাজ চলছে।
সব মিলিয়ে, গুজব নয় বরং বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে পরীক্ষা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।