অবৈধ বালু উত্তোলনে ছাড় নয়: মারুফ

রাজনীতি

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১২ মে) উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ড. মারুফ বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক না কেন, অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিরীহ মানুষের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টি সমাজে অস্থিরতা তৈরি করছে। এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মৈশারচরে যে ধরনের নৃশংসতা ঘটেছে তা মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, চালিভাঙ্গা ইউনিয়ন নদীবেষ্টিত হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ সংকটে ভুগছে। তবে সেতু ও সড়ক নির্মাণের মাধ্যমে ধীরে ধীরে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। রামপ্রসাদের চর ও বড়াইকান্দিকে উপজেলা সদরের সঙ্গে সংযুক্ত করার কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি। পাশাপাশি পর্যায়ক্রমে আশপাশের এলাকাগুলোতেও অবকাঠামোগত উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, চালিভাঙ্গা ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের জন্য সম্ভাবনাময়। পরিকল্পিত উদ্যোগ নিলে এলাকাটি ভবিষ্যতে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

পরিদর্শনকালে মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন, সদস্যসচিব এমএম মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।