আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এনসিপির উদ্বেগ
রাজধানীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিশু মৃত্যুর হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। একইসঙ্গে তারা স্বাস্থ্যখাতের দুর্বলতা ও সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনাগুলো নিয়েও তীব্র সমালোচনা করেন।
বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে “শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন” শীর্ষক কর্মসূচির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোন। এতে দলের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গাজীপুরে একসঙ্গে পাঁচজনকে হত্যার ঘটনা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনা প্রমাণ করে নাগরিক নিরাপত্তা এখন বড় সংকটে পড়েছে।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, অন্যান্য বিষয়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
শিশু মৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আদিব। তিনি বলেন, দেশে শিশু মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তা অত্যন্ত ভয়াবহ এবং এটি কোনোভাবেই অবহেলার বিষয় নয়। স্বাস্থ্যসেবার দুর্বলতা ও টিকাদান ব্যবস্থার ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যু জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া জাতীয় যুব শক্তির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। গুম প্রতিরোধ কমিশনের প্রতিনিধি মোহাম্মদ কাইয়ুমসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা কর্মসূচিতে সংহতি জানান।
বক্তারা সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনটি সঞ্চালনা করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান।
