আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–এর বিরুদ্ধে দায়ের হওয়া দুই হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করলেও আদালত তাতে কোনো আদেশ দেননি। ফলে বর্তমানে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই জামিন কার্যকর রয়েছে এবং কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। তবে আদালত ‘নো অর্ডার’ দেওয়ায় হাইকোর্টের আদেশ বহাল থাকে।
আইভীর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
এর আগে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর নতুন করে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। একটি মামলায় গত ২ মার্চ এবং আরেকটিতে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে ৩০ এপ্রিল হাইকোর্ট ওই দুই মামলায় রুল জারি করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে আইভীকে আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে এসব মামলায় হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিলে ওই পাঁচ মামলায়ও তার জামিন বহাল থাকে।
এছাড়া প্রথম দফার মামলাগুলোর পর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি ফতুল্লা থানার হত্যা মামলা এবং অপরটি নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলা। সব মিলিয়ে বর্তমানে ১২টি মামলায়ই আইনি লড়াইয়ে জামিন ধরে রাখতে সক্ষম হয়েছেন সাবেক এই মেয়র।
