ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রামের মীরসরাই থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মোশাররফ হোসেন। স্বাধীনতার আগে ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি। স্বাধীনতার পরও বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন এবং আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও সক্রিয় ছিলেন তিনি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন। এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন তিনি। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
রাজনীতির বাইরেও ব্যবসা খাতে তার সম্পৃক্ততা ছিল। পারিবারিক উদ্যোগে পরিচালিত কক্সবাজারের ঐতিহ্যবাহী হোটেল সায়মন সম্প্রসারণে তিনি ভূমিকা রাখেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের হোটেল ‘পেনিনসুলা চিটাগাং’-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরিবার জানিয়েছে, তার জানাজা ও দাফনের সময়সূচি পরে ঘোষণা করা হবে।

দৈনিক টার্গেট 
























