সরকারের উপদেষ্টারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেরগুলোর বিষয়ে প্রতিপক্ষের মতো কথা বলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট এ্যাসোসিয়েশন আয়োজিত ‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ২২ ডিসেম্বর ৮৪’ স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন যে সরকার আছে আমরাই তাদের প্রতিষ্ঠা করেছি। তারা জোর করে ক্ষমতা দখল করেনি৷ এই দেশের মানুষ যারা আন্দোলনে ছিলাম, আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি।
নজরুল ইসলাম খান বলেন, তাদের (অন্তর্বর্তী সরকার) কাছে প্রত্যাশা কী আমাদের? যারা অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে তাদের বিচারের চেষ্টা করবেন। আর যে গণতন্ত্রের জন্য লড়াই আমরা দীর্ঘদিন ধরে করেছি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে দলটির সিনিয়র এই নেতা বলেন, একটা জিনিস মনে রাখবেন, যার সামর্থ্য কম, সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

















