রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতায় আজ (বুধবার) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিকাল সাড়ে ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
তিনি জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নিতে যমুনায় পৌঁছাবেন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি ও জাতীয় ঐক্যের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।”
এদিকে, একই দিন সন্ধ্যা ৬টায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে। আলোচনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের কাঠামো ও ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ নিয়ে মতবিনিময় হবে বলে জানা গেছে।
এর আগে, গতকাল (মঙ্গলবার) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে সবার ঐকমত্য গঠনের লক্ষ্যে।















