গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এই কর্মসূচি শুরু হয়।
এর আগে বুধবার (১৬ জুলাই) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত পদযাত্রা শান্তিপূর্ণভাবে আয়োজন করা হয়। প্রশাসনের অনুমতি নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আমরা কর্মসূচিতে অংশ নেই। কিন্তু আওয়ামী লীগ এবং ‘মুজিববাদী’ পরিচয়ধারীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়।”
তিনি অভিযোগ করেন, “পদযাত্রার আগে ও পরে আমাদের নেতাকর্মীদের একাধিকবার আক্রমণের শিকার হতে হয়েছে। এতে স্পষ্ট, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত।”
গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এনসিপি প্রমাণ করেছে যে, আওয়ামী লীগের বাইরে অন্য রাজনৈতিক দলও সেখানে কর্মসূচি পালন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ফরিদপুরসহ দেশের বেশিরভাগ স্থানে আজকের কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হলেও মাদারীপুর ও শরীয়তপুরে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। নাহিদ ইসলাম জানান, এসব জেলায় পরবর্তীতে নতুন করে কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।
হামলার সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “তাদের সহযোগিতা না পেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত।”
তিনি আরো বলেন, “আমরা ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চাই। দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেব।”
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ এনেছে দলটি। ঘটনার পর কেন্দ্রীয় নেতারা খুলনায় এসে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
দৈনিক টার্গেট 















