বাংলাদেশ আমার পার্টি (এবি পার্টি) তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে একটি ব্যাপক ও দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী শনিবার (২ মে) রাজধানী ঢাকায় নানা আয়োজনে দিবসটি উদযাপন করবে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনের শুরুতেই সকাল ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বিজয়-৭১ চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা। শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাকরাইলের আইডিইবি মিলনায়তনে গিয়ে শেষ হবে।
এরপর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে সংগঠনের গত কার্যক্রম মূল্যায়ন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
বিকেল ৫টায় আনুষ্ঠানিক কেক কাটার মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হবে। এই আয়োজনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও এতে অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচির শেষাংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত ও পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হবে
এ আয়োজন সফল করতে দলের শীর্ষ নেতারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে দলটির প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান অবস্থানে পৌঁছাতে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
ছয় বছরের পথচলায় এবি পার্টি নিজেদের একটি উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।

দৈনিক টার্গেট 


























