চিকিৎসা সংকট নিয়ে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

রাজনীতি

রাজধানীতে হামের বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত চিকিৎসা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় পরিসরে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় যান। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে হামের সংক্রমণ বাড়লেও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা এখনও পর্যাপ্ত নয়। বিশেষ করে শিশুদের জন্য জরুরি চিকিৎসা, আইসিইউ সুবিধা ও আলাদা চিকিৎসা কর্নার চালুর দাবি জানান তারা। তাদের অভিযোগ, সরকারি পর্যায়ে দ্রুত ও সমন্বিত উদ্যোগের অভাব পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, সাধারণ মানুষকে চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজস্ব অর্থ থেকে বহন করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে আর্থিক সংকটে ফেলছে। তিনি দাবি করেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, ওষুধ ও শয্যার সংকট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষা খাত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ছাত্রনেতারা। তাদের মতে, গবেষণা ও উচ্চশিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়ছে। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষায়িত হাম ইউনিট চালু করা জরুরি। তিনি অভিযোগ করেন, সংক্রমণ বাড়লেও সরকারের দৃশ্যমান তৎপরতা এখনও প্রত্যাশার তুলনায় কম।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, টিকাদান কার্যক্রমে দুর্বলতা ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাবের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তিনি হামের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।