বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের এ প্রতিনিধি দল আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফরে থাকবেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এবং আইটি ও মিডিয়া কনসালটেন্ট ওমর হাসিব শফিউল্লাহ।
চীন সফরকে সামনে রেখে মঙ্গলবার রাতে ঢাকায় অবস্থিত চায়না দূতাবাস জামায়াতের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় দফতরের কর্মকর্তা নওশাদ আলী ফরহাদ।
চীনের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সুসংহত করতেই এই সফরের আয়োজন বলে ধারণা করা হচ্ছে। এর আগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির একটি বড় প্রতিনিধি দল চীন সফর করে। চলতি বছরের শুরুতেও বিএনপির আরও দুটি প্রতিনিধি দল দেশটিতে গিয়েছিল।
চীন সফরকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তারে চীন সক্রিয় কূটনৈতিক কৌশল অবলম্বন করছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাকে তারা কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে।
















Leave a Reply