তিস্তা প্রকল্পে চীনের সহায়তা
লালমনিরহাটে আয়োজিত এক চাকরি মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানিয়েছেন, বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দেবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন তিনি।
সোমবার দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত চাকরি মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীভাঙন, বন্যা ও খরার মতো সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে। একই সঙ্গে কৃষি, যোগাযোগ ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের চাকরির সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। সরকারি নিয়োগের পাশাপাশি বেসরকারি শিল্প খাতেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
আসাদুল হাবিব বলেন, দেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিও চালু করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচিতে কর্মসংস্থানের ব্যবস্থা। তিনি দাবি করেন, জনগণের দেওয়া দায়িত্ব অনুযায়ী সরকার উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
ক্রীড়াখাত নিয়েও সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার কাজ চলছে।
এদিকে বুড়িমারী থেকে সরাসরি ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে রেলওয়ের ইঞ্জিন ও বগির সংকট থাকায় ট্রেনটি চালু করতে দেরি হচ্ছে। তবে নতুন বগি ও লোকোমোটিভ সংগ্রহের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে রেল মন্ত্রণালয় থেকে আশ্বাস পাওয়া গেছে।
