আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা রয়েছে এ কর্মসূচির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে মে দিবসের শ্রমিক সমাবেশে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ এ সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিএনপির নেতারা মনে করছেন, এবারের সমাবেশে উল্লেখযোগ্য জনসমাগম ঘটবে।
সমাবেশের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সামনে নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকট শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া তিনি দাবি করেন, দেশীয় শিল্পখাত নানা কারণে দুর্বল হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বাড়ছে। এসব বিষয় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তার মন্তব্য।
সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বেশ কিছু দাবি উত্থাপন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ, নিরাপদ ও মানসম্মত কর্মপরিবেশ, শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং রেশনিং চালুর মতো বিষয়।
এদিকে, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।
মে দিবসকে ঘিরে আয়োজিত এই সমাবেশের মাধ্যমে শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক বার্তাও তুলে ধরতে চায় বিএনপি এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক টার্গেট 


























