রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় রোববার সকালে আকস্মিক মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অল্প সময়ের জন্য হওয়া এ মিছিলে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন।
জানা গেছে, সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ং শোরুমের সামনের সড়কে ব্যানার হাতে জড়ো হন কয়েকজন নেতাকর্মী। পরে তারা মিছিল নিয়ে মিরপুর রোডের দিকে অগ্রসর হন। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কিছু লোক এসে মিছিলে যুক্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দেয়।
ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হঠাৎ করে মিছিল বের করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দৈনিক টার্গেট 

























